শেরপুরের নকলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আলী হোসেন (৫০) নামে এক বর্গাচাষী নিহতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন যায়গাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, এজাহারভুক্ত মামলার আসামী উপজেলার চরঅস্টধর ইউনিয়নের মৃত. কফিল উদ্দিনের পুত্র ইদ্রিস আলী (৫৫) ও তার স্ত্রী হুনুফা বেগম এবং সন্ধিগ্ধ রেহাইঅস্টধর এলাকার ওমেদ আলীর পুত্র সুলতান মিয়া (৫০)। গ্রেফতারের সত্যতা নিশ্চত করেছেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ। উল্লেখ্য, উপজেলার চরবশন্তী গ্রামের সেলিম মিয়ার এক খন্ড জমি নিয়ে পার্শ্ববর্তী ইদ্রিস আলী ও শওকত হোসেনদের সাথে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ এ জমি চাষ করেছিলেন বর্গাচাষী আলী হোসেন। শুক্রবার (৫ মে) সকাল অনুমান ৬টার দিকে বর্গাচাষী আলী হোসেন ওই জমিতে ধান কাটতে যান। এসময় তার ধান কাটতে বাধা দেয় ইদ্রিস আলী, শওকত হোসেন ও তাদের লোকজন। এ নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের আঘাতে বর্গাচাষী আলী হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ১৯জনসহ আরো ১৫/২০জনকে অজ্ঞাতনামা আসামীকরে ওই দিনই নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।