শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে পিতার হত্যাকারী ছেলে গ্রেপ্তার
শ্রীবরদীতে পিতার হত্যাকারী ছেলে গ্রেপ্তার

শ্রীবরদীতে পিতার হত্যাকারী ছেলে গ্রেপ্তার

এ.জেড রুমান( শ্রীবরদী) : শেরপুরের শ্রীবরদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের করা আঘাতে পিতার মৃত্যুর ঘটনার পর ছেলেকে গ্রেপ্তারের সংবাদের অপেক্ষায় ছিলো উপজেলাবাসী। পুলিশের কঠোর অভিযানে রাতেই হত্যাকারী হিসেবে অভিযুক্ত ছেলে অবশেষে গ্রেপ্তার হয়েছে । উপজেলার শঙ্করঘোষ গ্রামে ২২ এপ্রিল বিকেলে ছেলের হাতে বাবা খুনের ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ সুরুজ আলী (৬৫)। হত্যাকারী হিসেবে অভিযুক্ত ছেলের নাম বিল্লাল হোসেন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার শঙ্করঘোষ গ্রামের সুরুজ আলীর সঙ্গে তাঁর ছেলে বিল্লাল হোসেনের পারিবারিক কলহ দীর্ঘদিনের । এর জের ধরেই শুক্রবার বিকেল তিনটার দিকে শঙ্করঘোষ বাজারে বাবা-ছেলের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ছেলে বিল্লাল হোসেন বাবা সুুরুজ আলীকে বেদম মারধর করেন। ছেলের করা আঘাতে বাবা সুরুজআলী এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ঘটনা ঘটিয়েই ছেলে বিল্লাল হোসেন গাঁ ঢাকা দেন । সংবাদ পেয়ে শ্রীবরদী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন এবং হত্যাকারী ছেলেকে গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেন সম্ভাব্য সকল জায়গায়।

এমন ঘটনায় ক্ষুব্ধ শ্রীবরদী উপজেলাবাসীও হত্যাকারী ছেলেকে গ্রেপ্তারের সংবাদের অপেক্ষায় সময় গুনছিলেন। হত্যাকারী ছেলে ঘটনার পরই কৌশলে পালিয়েছেন, এমন সংবাদে অস্বস্তিকর অনুভূতিতে থাকা শ্রীবরদী উপজেলাবাসী অবশেষে “শ্রীবরদী থানা শেরপুর ” ফেইসবুক আইডি হতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস কর্তৃক আপলোডকৃত হত্যাকারী ছেলের গ্রেপ্তারের সংবাদে স্বস্তি প্রকাশ করেন। ছেলে কর্তৃক পিতা সুরুজ আলী (৬২) হত্যা মামলার একমাত্র আসামি ছেলে বিল্লাল হোসেন (৩৮) কে চাউলিয়া বাজার থেকে গ্রেপ্তার করে শ্রীবরদী থানা পুলিশ। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের লাশে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বিপ্লব কুমার বিশ্বাস ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − fifteen =