শেরপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ও হাইব্রীড বীজ ধান-সার বিতরণ শুরু হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মজনুন ইশতি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর কৃষি প্রণোদনার আওতায় জেলার ৫ উপজেলার ১৫ হাজার কৃষক পাবেন বিনামূল্যে ২ কেজি করে হাইব্রীড বীজ ধান এবং ২৬শ কৃষক পাবেন ১ কেজি করে উফশী জাতের বীজ ধান ও ১০ কেজি করে রাসায়নিক সার।
এর মধ্যে সদর উপজেলার ৩২শ কৃষক পাবেন বিনামূল্যে ২ কেজি করে হাইব্রীড বীজ ধান এবং ৭শ কৃষক পাবেন ১ কেজি করে উফশী জাতের বীজ ধান ও ১০ কেজি করে রাসায়নিক সার।