ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ২৪ নভেম্বর সোমবার ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ওই সম্মাননা প্রদান করা হয়েছে।
রাজধানী ঢাকায় ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’র উদ্বোধনী অনুষ্ঠানে তাকে ওই সম্মাননা প্রদান করেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবন ও জনসেবার প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাকে ওই পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া তিনি সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখলমুক্তকরণ ও বালু উত্তোলন বন্ধে তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
তিনি খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন ও রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর পদক্ষেপ নিয়েছেন। অটোমেটেড ভূমি সেবা, ডিজিটাল ডাটাবেজ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে ভূমি ব্যবস্থাপনাকে আরও দ্রুত ও জনবান্ধব করেছেন।
এদিকে তার এই সাফল্যকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহল।