নেত্রকোনার আটপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে শুনই ইউনিয়নের কালিয়াখালী গ্রামের কালিয়াখালী খালে এ ঘটনা ঘটে।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত হৃদয় মিয়া ওই গ্রামের সজলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য গত রাতে খালের পানি সেচ দিচ্ছিলেন হৃদয়। এ সময় সেচপাম্পে বৈদ্যুতিক সংযোগে সমস্যা দেখা দিলে সমাধান করতে যান তিনি। এসময় অসাবধানতাবশত ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হৃদয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় আটপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।