শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় পারিবারিক কবরে শায়িত হলেন নাঈম
নকলায় পারিবারিক কবরে শায়িত হলেন নাঈম

নকলায় পারিবারিক কবরে শায়িত হলেন নাঈম

শেরপুরের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম। তিনি গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তার নিজ বাড়ি ‘খন্দকার বাড়ি’ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ স্থানীয় প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
দিনভর অপেক্ষার পর শনিবার রাত ৯টা ২ মিনিটে নাঈমকে বহনকারী গাড়িটি শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পূর্বলাভা গ্রামে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এদিকে নাঈমকে শেষ বিদায় জানাতে আসা শত শত মানুষ তাকে একনজর দেখতে লাশবাহী গাড়ির পাশে ভিড় জমান। নাঈমের পরিবারের পক্ষ থেকে মরদেহটি স্থানীয় নারীদের দেখতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে স্থানীয়দের অনুরোধের মুখে সে সিদ্ধান্তে আর অটল থাকতে পারেননি। নাঈমের মরদেহ দেখে কান্নায় ভেঙে পরেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা।
পরে রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ ও শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাঈমকে গার্ড-অব অনার দেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগীয় ভারপ্রাপ্ত উপ-পরিচালক এবং নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহা-পরিচালকের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। রাত সাড়ে ১০টায় নাঈমের নামাজে জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।