শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিং এর উপর জোর দেওয়া হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পূজার অনুষ্ঠান চলাকালীন সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সুচারুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমের সঞ্চালনায় সভায় মেডিকেল অফিসার ডা. শিবলী সামিউল তুষার, সকল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।