মানিকগঞ্জে নিখোঁজের ২ দিন পরে ডোবা থেকে মসজিদের ইমাম রফিকুল ইসলামের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের একটি ডোবা থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার তদন্ত ওসি মো. কহিনুর মিয়া।
নিহত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানাই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে। রফিকুল ইসলাম পুখুরিয়া মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানিয়রা জানান, মসজিদের পাশের ডোবায় প্রতিদিন ইমাম রফিকুল ইসলাম গোসল করতেন। নিখোঁজের দুইদিন পরে তার মরদেহ সেই ডোবায় স্থনিয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ইমামের মরদেহ উদ্ধার করে। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর তারিখে ইমামের স্ত্রী তার স্বামী নিখোঁজ উল্লেখ করে ঘিওর থানায় সাধারণ ডায়রি করেছিলেন।
এ বিষয়ে ঘিওর থানার তদন্ত ওসি কহিনুর মিয়া বলেন, আমরা ইমামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ইমামের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।