শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় প্রাথমিকের দুই শ্রেণির জন্য ১৮৭ কোটি টাকার বই ছাপাবে সরকার
প্রাথমিকের দুই শ্রেণির জন্য ১৮৭ কোটি টাকার বই ছাপাবে সরকার

প্রাথমিকের দুই শ্রেণির জন্য ১৮৭ কোটি টাকার বই ছাপাবে সরকার

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য ১৮৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৩ কোটি বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
জানা যায়, প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৩ কোটি ৬৩ লাখ পাঠ্যপুস্তক সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ১৮৭ কোটি ১১ লাখ ৭ হাজার ২০৮ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের (চতুর্থ ও পঞ্চম শ্রেণির) ৯৮টি লটের মধ্যে ৯৪টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ১৮৭ কোটি ১১ লাখ ৭ হাজার ২০৮ টাকা ব্যয়ে ৯৪টি লটের মোট ৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ২০৭ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ করা হবে।
এর আগে গত ১২ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে, আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১টি পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
ওই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবষের্র জন্য প্রাথমিক স্তরের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির) ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি।
এ ৯৬টি লটে মোট ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক রয়েছে। এই পাঠ্যপুস্তকগুলোর জন্য মোট ব্যয় হবে ২০০ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৪৮০ টাকা। প্রতি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয় ৪৯ টাকা ৬৮ পয়সা।