বিএনপি নেতা ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সাহা, সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি শামীম আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জেলার ওষুধ ব্যবসায়ীরা।
১৭ আগস্ট রবিবার রাতে শহরের তিনানী বাজারস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা শুভেচ্ছা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান। ওইসময় নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন ফার্মেসীর মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তালুকদার ফার্মেসির পরিচালক সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন বলেন, শেরপুরের ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, অনিয়ম প্রতিরোধ ও জনস্বার্থে সঠিকভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও সক্রিয় হবে এবং ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে শেরপুর জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।