শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে এক বছর ধরে পলাতক চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
শ্রীবরদীতে এক বছর ধরে পলাতক চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

শ্রীবরদীতে এক বছর ধরে পলাতক চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

 

শেরপুরের শ্রীবরদী উপজেলার ৫নম্বর গোশাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল ইসলাম আশিকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আশিক গোশাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ১৯ আগস্ট মঙ্গলবার দুপুরে গোশাইপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করে বক্তব্য দেন স্থানীয় ছাত্র-জনতা।
বক্তারা বলেন, ‘হাসিনা পালানোর পর থেকে গোশাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জামাল ইসলাম আশিক পলাতক রয়েছেন। তিনি পরিষদে না আসায় সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের সব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে তিনি অজ্ঞাত স্থানে থেকে তার নিজস্ব বাহিনী দিয়ে অতিরিক্ত টাকার বিনিময়ে কিছু কিছু কাজ করে যাচ্ছেন। এছাড়া স্থানীয়ভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করার চেষ্টাও করছেন পলাতক ওই ইউপি চেয়ারম্যান। আমরা পরিষদের সদস্যরা জনগণের সেবা নিশ্চিত করতে ফ্যাসিস্ট আশিকের অপসারণ দাবি করছি। আর তাকে অপসারণ করে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের সেবা চালু রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।’
চেয়ারম্যান আশিকের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় বলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘চেয়ারম্যান আশিক এর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে আইনে আওতায় আনা হবে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের হোসেন বলেন, গোশাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ জামাল ইসলাম আশিকের বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিষয়ে জরুরি পদক্ষেপ নেব।