জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জহুরুল ইসলাম খান (জেড আই খান) পান্না। মঙ্গলবার (১২ আগস্ট) ট্রাইব্যুনালে তিনি এই আবেদন করেন। তবে এই আবেদনে পাওয়ার পর ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
জেড আই পান্নার আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। দুপুর ১২টায় জুলাই গণত্যার দুটি মামলার স্বাক্ষ্যগ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী। জবাবে আদলত জানান, ইতোমধ্যে হাসিনার আইনজীবী নিয়োগ হয়েছে এখন বিষয়টি অপ্রাসঙ্গিক।
ট্রাইব্যুনাল বলেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।
গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি ইতোমধ্যে কয়েক দিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন। এ কারণে জেড আই পান্নার আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল।