শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১১ আগস্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওইসব ক্রীড়াসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
ওইসময় তিনি বলেন, তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে তত তাদের মন মানসিকতা আরও ভালো হবে। তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন, শিক্ষক মো. হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার ২৯টি ক্রীড়া ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।