শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৭ জুন মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর ওই মেলার আয়োজন করে।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এরপর পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, অতিরিক্ত উপপরিচালক মো. হুমায়ুন কবীর ও আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সরেজমিন কৃষি গবেষণা বিভাগের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা জুনায়েদ উল নূর, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিসুর রহমানসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
মেলায় ফুল-ফল, কৃষিযন্ত্রসহ বিভিন্ন কৃষিপণ্যের সমাহার নিয়ে ১৫টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও পিদিম ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের স্থাপিত প্রদর্শনী স্টলটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। পিদিম ফাউন্ডেশনের স্টলে ১০ ধরনের ফলের মাতৃগাছ ও উৎপাদিত ফল প্রদর্শন করা হয়েছে। সেইসঙ্গে পিদিম ফাউন্ডেশনের উপকারভোগী একজন উদ্যোক্তার ব্যস্থাপনায় ব্যানানা চিপস প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী ১৯ জুন বৃহস্পতিবার এই মেলা শেষ হবে।