শেরপুরের নালিতাবাড়ীতে ড্রাম ট্রাকের চাপায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী। উপজেলার বাইটকামারীতে গতকাল শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালকের নাম তজুমুদ্দীন তারা (৪০)। তিনি গেরামারা গ্রামের ওমেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় জানায়, শনিবার উপজেলার নাকুগাঁও বন্দর থেকে পাথর বোঝাই করে একটি ড্রাম ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। রাত ১০টার দিকে ট্রাকটি নালিতাবাড়ী-ঢাকা মহাসড়কের বাইটকামারী এলাকায় পৌঁছালে রাস্তার ওপর অর্ধেক সড়কজুড়ে থাকা খড়ের গাদাকে পাশ কাটাতে যান চালক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তজুমুদ্দিন ছিটকে রাস্তায় পড়েন। এরপর ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এসময় অটোরিকশা থাকা আরও পাঁচ যাত্রী আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় আফাজ উদ্দিন নামের আহত একজনের অবস্থা অবনতি হওয়া কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘আমরা দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেখানে ফোর্স পাঠাই। ঘটনাস্থল থেকে তজুমুদ্দিন তারার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আহত পাঁচজনকে স্থানীয়দের সহায়তায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’