শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আ.লীগের পুনর্বাসন মানবো না: হেফাজতের মহাসমাবেশে হাসনাত
আ.লীগের পুনর্বাসন মানবো না: হেফাজতের মহাসমাবেশে হাসনাত

আ.লীগের পুনর্বাসন মানবো না: হেফাজতের মহাসমাবেশে হাসনাত

‘আওয়ামী লীগকে ৫ আগস্ট জনগণ লালকার্ড দেখিয়েছে, তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না’ এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শনিবার (৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আজকের মহাসমাবেশের মূল দাবি চারটি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে, অনতিবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার। সংগঠনটির হিসাবমতে, সারাদেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে। এ ছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার। এরপর যথাক্রমে নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিগুলো রয়েছে।
মহাসমাবেশে সভাপতিত্ব করছেন হেফাজতের আমির মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ ইসলাম-বিরোধী শক্তি। তারা বায়তুল মোকাররমে আমাদের দাঁড়ি-টুপিধারীদের নির্যাতন করেছে। এটি কোনও রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ৩০ হাজার জাসদ কর্মীকে হত্যা করেছে।
তিনি বলেন, ‘হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। নারী কমিশনের ইসলামবিরোধী ধারাগুলো বাতিল করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা- ফেসবুক পোস্টেও এমন মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ওই পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‌‘এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।’