শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ২ ড্রেজার ও ৬টি মাচা ধ্বংস
শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ২ ড্রেজার ও ৬টি মাচা ধ্বংস

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ২ ড্রেজার ও ৬টি মাচা ধ্বংস

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঢেউফা ও সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। ২৬ এপ্রিল শনিবার অভিযান উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঢেউফা নদীর চান্দাপাড়া ব্রিজ, মেঘাদল ব্রিজ, বাবেলাকোনা, হারিয়াকোনা জিরো পয়েন্ট, রাণীশিমুল ইউনিয়নের বালিজুড়ি হাইস্কুল সংলগ্ন সোমেশ্বরী নদী ও বালিজুড়ি ব্রিজ এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ অনুযায়ী ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও ৬টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামও জব্দ ও অপসারণ করা হয়। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হকসহ ইউএনও ও এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ, পুলিশ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, শেরপুরে সকল বালু মহাল বিলুপ্ত ঘোষণা করায় জেলায় ইজারাভুক্ত কোন বালু মহাল নেই। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।