পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৫০টি অসহায় পরিবারের মাঝে প্রায় ২৫ হাজার টাকার উপহার সামগ্রী প্রদান করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। ১৮ মার্চ মঙ্গলবার বিকেলে এসব অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের সদস্যরা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা বুট, গুড়ো দুধ, সাবান ইত্যাদি। এছাড়াও এবারের রমজানে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌরশহরের ২০০ জন ভাসমান এবং পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটির সভাপতি তাজবির হাসান সিফাত বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে।