শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে গৃহবধূর ‘আত্মহত্যা’ প্ররোচনা মামলায় শাশুড়ি গ্রেফতার
নালিতাবাড়ীতে গৃহবধূর ‘আত্মহত্যা’ প্ররোচনা মামলায় শাশুড়ি গ্রেফতার

নালিতাবাড়ীতে গৃহবধূর ‘আত্মহত্যা’ প্ররোচনা মামলায় শাশুড়ি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে নিপা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় তার শাশুড়ি শহিতন বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার রাতে গৃহবধূর মা হামিদা খাতুন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী, শ্বাশুড়ি ও দেবরসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের লিটন মিয়ার মেয়ে নিপার সঙ্গে চার বছর আগে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের আকরাম হোসেনের পুত্র সোহেল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজঘরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ নিপা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে গৃহবধূর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে নিহতের শ্বাশুড়ি শহিতন বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।