শেরপুরের নালিতাবাড়ীতে ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম মায়াঘাসি থেকে চোরাই পথে আনা ৩০ কেজি ওজনের ১৩ বস্তা ভারতীয় জিরা ও টাটা ব্র্যান্ডের এসি জব্দ করেছে পুলিশ। একইসাথে আব্দুর রশিদ নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মায়াঘাসি সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা ও এসি আনা হয়েছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে ওই গ্রামের আব্দুর রশিদের একটি ঘর থেকে ১৩টি বস্তায় মোট ৩৯০ কেজি জিরা ও দুই টন পরিমাণের দু’টি আউটডোর এবং একটি ইনডোর এসি পাওয়া যায়।
এ সময় বাড়ির মালিক আব্দুর রশিদকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে চোরাকারবারী দলের অন্য সদস্যরা। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর গ্রেফতার আব্দুর রশিদকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।