শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ জামালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
জামালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

জামালপুরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি আসাদুজ্জামান তালুকদার আপেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ১৭ জানুয়ারি জেলার সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে গ্রেফতার আসামি আসাদুজ্জামান তালুকদার আপেল গংরা তার চাচাতো ভাই আতাউর রহমান বিপুলের (৫০) ওপর হামলা চালায়। এসময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ এবং চাইনিজ কুড়াল দিয়ে আতাউর রহমান বিপুলকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে এবং বিপুলের ডানহাত ও ডান পা শরীর হতে বিচ্ছিন্ন করে ফেলে।
এক পর্যায়ে বিপুলের স্ত্রী মুক্তা বেগম ও তার মা আসমা বেগম আসামিদের থামাতে গেলে আসামিরা তাদেরকেও কুপিয়ে মারাত্মক জখম করে।
এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহত তিন জনকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাত-পা বিচ্ছিন্ন হওয়া বিপুলকে মৃত ঘোষণা করেন এবং বিপুলের স্ত্রী ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
পরবর্তীতে ঘটনার দিন নিহত বিপুলের ভাই আলামিন বাদী হয়ে সরিষাবাড়ি খানায় ১০ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরও বলেন, মামলা দায়েরের পর সরিষাবাড়ি থানা পুলিশ তাৎক্ষণিক বিভিন্নস্থানে অভিযান করে এজাহারনামীয় ২ নম্বর আসামি মোছা. আনোয়ারা বেগম ও ৪ নম্বর আসামি সাজিত ইসলাম তানজিলকে গ্রেফতার করে।
এরপর ২০ জানুয়ারি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গাজিপুর মেট্রোপলিটন এলাকার চক্রবর্তী ট্যাক এলাকা থেকে এজাহারনামীয় তানজিল ইসলাম তাসিন (২৬), মো. তাসলিমুল ইসলাম তমাল (২২) ও বিন্দু তালুকদারকে (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়।
একই মামলায় চলতি মাসের ৭ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানী এলাকা হতে মামলার এজাহার নামীয় আরেক আসামি রোকেয়া ওরফে তুহিনা বেগমকে (৪২) গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, এই হত্যা মামলার এজাহার নামীয় ৬ জন আসামি আটক হলেও ১ নম্বর আসামিসহ ৪ জন গা ঢাকা দেয়। পরবর্তীতে শনিবার মধ্যরাতে জামালপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং মাধবপুর থানার হরিপুর এলাকা হতে মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেলকে গ্রেফতার করে। গ্রেফতার আপেল সরিষাবাড়ির তারাকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
উল্লেখ্য, এই ঘটনায় এজাহারনামীয় মোট ১০ জন আসামির মধ্যে ইতোমধ্যে ৭ জন আসামিকে গ্রেফতার করেছে জামালপুর জেলা পুলিশ।