শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ৪ জেলার পুলিশ সুপার প্রত্যাহার
৪ জেলার পুলিশ সুপার প্রত্যাহার

৪ জেলার পুলিশ সুপার প্রত্যাহার

কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে একদিনের মধ্যে ঢাকায় ‘রিপোর্ট’ করতে বলেছে পুলিশ সদর দফতর। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি জেলার এসপিরা তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।
সোমবার পৃথক চিঠিতে তাদের এ নির্দেশনা দেওয়া হয়; যাতে স্বাক্ষর করেছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম।
চার এসপির মধ্যে রয়েছেন কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, চারজনকে হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। তাদের আগামীকালই (মঙ্গলবার) রিপোর্ট করতে হবে।
‘পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, ‘পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হল।’
এ বিষয়ে পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, গুরুতর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা একরকম তাদের প্রত্যাহার করে নিয়ে আসা; যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।