প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলের নেতারা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন— ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সাইফুল আলম খান মিলন এবং অ্যাডভোকেট মশিউল আলম।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ দলীয় জোট, সমমনা জোট, জাতীয় নাগরিক কমিটি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বৈঠকে উপস্থিত রয়েছেন।