শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil এজলাসে ডিম ছোড়া আইনজীবীদের সদস্য পদ বাতিল হচ্ছে
এজলাসে ডিম ছোড়া আইনজীবীদের সদস্য পদ বাতিল হচ্ছে

এজলাসে ডিম ছোড়া আইনজীবীদের সদস্য পদ বাতিল হচ্ছে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ বাতিল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে।
এদিকে, ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে সে বিষয়ে প্রধান বিচারপতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি দেশের আদালতগুলোতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে, তবে বিচারপ্রার্থীরা যেন নির্বিঘ্নে বিচার সেবা পান, তার জন্য সুপ্রিম কোর্ট নজর রাখছে এবং নিশ্চিত করছে যে, এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারসেবা চালু থাকবে।
প্রধান বিচারপতি বিজ্ঞপ্তিতে আরও বলেছেন, আদালতসমূহে এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে এবং জনগণের বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, গতকাল (২৭ নভেম্বর) ২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও এক পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এরপর বিচারপতি এজলাস থেকে নেমে যান। দুপুর আড়াইটার দিকে বিচার কাজ চলা অবস্থায় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =