Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home 1Win Brasil আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না: নবাগত ডিএমপি কমিশনার
আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না: নবাগত ডিএমপি কমিশনার

আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না: নবাগত ডিএমপি কমিশনার

০

নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। জনগণ আমাদের শত্রু নয়, আমরা জনগণের বিরুদ্ধে যেতে চাই না। আমরা এদেশের মানুষকে নিয়ে একত্রে মিলেমিশে কাজ করতে চাই।
শনিবার (২৩ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় পুলিশের বিপদের সময় প্রতিটি সদস্যকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নগর পুলিশপ্রধান বলেন, ডিএমপির সকল সদস্যকে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। সকলকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। টিমের যিনি নেতা হবেন তার সাথে ওই টিমের সকল সদস্যের একটি আত্মিক সম্পর্ক তৈরি করতে হবে। যেকোনো প্রয়োজনে একজন সদস্য আরেকজনের পাশে দাঁড়াবে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। এই ঢাকা মহানগর ও ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। এই মহান দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
প্রতিটি পুলিশ সদস্যকে ভালো অফিসার হওয়ার আগে ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমাদের সবাইকে একজন ভালো মানুষ হতে হবে, ভালো পুলিশ অফিসার হতে হলে ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। আর ভালো পুলিশ অফিসারের পক্ষেই সম্ভব মানুষকে উত্তম সেবা দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের নিয়ে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ডিএমপি কমিশনার। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য সকলকে নিয়ে মোনাজাত করা হয়।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ; উপ-পুলিশ কমিশনারগণসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 18 =