শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন সাজ্জাত আলী
ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন সাজ্জাত আলী

ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন সাজ্জাত আলী

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন পুলিশ কমিশনার।
এর আগে সাজ্জাত আলী ডিএমপি হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বিদায়ী কমিশনার মো. মাইনুল হাসান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবনিযুক্ত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার দেয়। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া শেষে নবনিযুক্ত পুলিশ কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাইনুল হাসানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
গতকাল বুধবার রাতে জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার একদিনের মাথায় তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
সাজ্জাত আলী ১৯৮৬ সালে ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি ডিএমপি, পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ডিআইজি পদে পদোন্নতি লাভ করে তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকা রেঞ্জ ডিআইজির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
২০১৬ সালে ৩ নভেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানোর সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমান সরকার কর্তৃক গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন এবং দেশে-বিদেশে পেশাগত নানা প্রশিক্ষণ গ্রহণ করেন।
সৎ, দক্ষ, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে সুনাম অর্জনকারী শেখ মো. সাজ্জাত আলী ১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকা জেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ ওয়েজেদ আলী এবং মায়ের নাম নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক ছেলের জনক।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =