এক দশকেরও বেশি সময় আগে সাভারে রানা প্লাজা ধসে হতাহতের মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। ২৮ অক্টোবর সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন। সেই সঙ্গে সোহেল রানাকে কেন নিয়মিত জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুলও জারি করেন। পরদিন রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রানাকে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
ওই আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন। ফলে সোহেল রানার জামিন স্থগিতই থাকবে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত হন ১ হাজার ১৩৫ জন, আহত হন আরও হাজারখানেক শ্রমিক।