শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে এবার মাছ ধরার ফাঁদে ধরা পড়লো অজগর, ইকোপার্কে অবমুক্ত
নালিতাবাড়ীতে এবার মাছ ধরার ফাঁদে ধরা পড়লো অজগর, ইকোপার্কে অবমুক্ত

নালিতাবাড়ীতে এবার মাছ ধরার ফাঁদে ধরা পড়লো অজগর, ইকোপার্কে অবমুক্ত

শেরপুরের নালিতাবাড়ীতে এবার মাছ ধরার নিষিদ্ধ চায়না দুয়ারী জালে ধরা পড়েছে একটি অজগর সাপের বাচ্চা। ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের ভটপুর গ্রামে সাপটি ধরা পড়ে। পরে সন্ধ্যায় সাপটিকে মধুটিলা ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার ভটপুর গ্রামের আশকর আলী নামে এক কৃষক মাছ ধরার জন্য সরকারিভাবে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বা ট্রেন জাল ধানক্ষেতে পেতে রাখেন। পরে বৃহস্পতিবার দুপুরে ওই জাল ওঠাতে গেলে ভিতরে একটি অজগরের বাচ্চা আটকে থাকতে দেখেন তিনি। পরে তিনি সাপটিকে জালসহ ডাঙ্গায় উঠিয়ে আনেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। পরে সন্ধ্যায় অজগরটিকে মধুটিলা ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অজগর সাপটি উদ্ধার করে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৪ কেজি, লম্বায় ৫ ফুট। গারোপাহাড়ের জীব-বৈচিত্র্য অনেকটা ফিরে আসায় সম্প্রতি অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর এর চেয়ে বড় সাইজের আরও একটি অজগর উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের একটি মরিচ ক্ষেত থেকে উদ্ধার করে একই বনে অবমুক্ত করেছিল বনবিভাগ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 15 =