শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীদের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া (১৮) হত্যা মামলায় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিজানুর রহমান সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে ও নিহত শিক্ষার্থী সবুজ মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামী।
র্যাবের জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।