শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন
শেরপুরে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

শেরপুরে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

৩২ বছরের বৈষম্য অবসানকল্পে অনার্স-মাস্টার্স শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে ‘অ্যাপ্লিকেশন টু দ্যা চিফ অ্যাডভাইজার’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। ২৩ অক্টোবর বুধবার সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক মুরসালিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় শেরপুরের দুটি বেসরকারি কলেজের বঞ্চিত শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এসময় কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে আবু সাঈদসহ সকল বীর শহীদের প্রতি মাগফিরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তারা বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি এমপিওভুক্ত কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক। ১৯৯২ থেকে রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩৫০০ জন নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষককে কোন বেতন-ভাতা না দিয়ে এমপিওবিহীন করে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলেও জানান তারা।
এসময় বক্তারা আরও বলেন, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত তিন হাজার ৫শ শিক্ষককে প্রধান উপদেষ্টার বিশেষ আদেশের মাধ্যমে এমপিওভুক্ত করে বাজেটে ব্যয় বরাদ্দের মাধ্যমে বঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তির ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন না করা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন তারা।
পরে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত শিক্ষকরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 4 =