শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আন্দোলনের প্রয়োজন নেই- রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা নাহিদ
আন্দোলনের প্রয়োজন নেই- রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা নাহিদ

আন্দোলনের প্রয়োজন নেই- রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা নাহিদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, “বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভের প্রয়োজন নেই। জনগণের বার্তা আমরা পেয়েছি এবং এ বিষয়ে আলোচনা চলছে। সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনা অপরিহার্য, তাই সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।” তিনি বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, “আমরা জানি, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা বিদ্যমান সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই সরকার গঠন করেছি। তবে যদি আমাদের মনে হয়, এই সেটআপে রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে বা জনগণ অসন্তুষ্ট, তাহলে আমরা এ বিষয়টি পুনর্মূল্যায়ন করব।”
তিনি বলেন, “রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এটি বর্তমানে আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটি একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে।”
নাহিদ ইসলাম বলেন, “এই সিদ্ধান্তে রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলা সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সচেতন ও শান্ত থাকুন। কোনো সুবিধাভোগী গোষ্ঠী বা দেশি-বিদেশি ষড়যন্ত্র যেন পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবার সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা মনে করি, রাজনৈতিক আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সকলকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে। জনগণের যৌক্তিক দাবির প্রতি আমাদের সহমত আছে।”
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “ছাত্র-জনতার পক্ষ থেকে একটি আল্টিমেটাম দেওয়া হয়েছে। আমরা আলোচনা করছি, তবে নির্ধারিত কোনো সময় নেই। যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে পারলে সবাইকে জানিয়ে দেব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় অস্ত্রসহ মিছিল করছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা চালাচ্ছে। চাঁদাবাজি এবং সন্ত্রাসের দৌরাত্ম্যও বেড়ে গেছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 18 =