শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ সাইলেন্ট চামুগং (১৯) নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১৪’র সদস্যরা। ৭ অক্টোবর সোমবার রাতে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইলেন্ট চামুগং পার্শ্ববর্তী আন্ধারপাড়া গ্রামের পলিন্দ্র রকোর ছেলে।
জানা যায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামে অভিযান চালায়। ওইসময় সাইলেন্ট চামুগংকে ৩২ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।