শেরপুরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সুফিয়া (৪০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইন্সটিটিউট এলাকার ঢাকা-শেরপুর মহাসড়কের জোড়া পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচ্ছন্ন কর্মী পদে কর্মরত ছিলেন (চতুর্থ শ্রেণির কর্মচারী)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার জোড়া পাম্পের সামনে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় সোনার বাংলা পরিবহনের একটি বাসের চাপায় সুফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগ পাওয়ার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।