শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) পৃথক বার্তায় শোক জানান রাষ্ট্র ও সরকারপ্রধান।
শোকবার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে সম্বোধন করে একটি শোক বার্তা পাঠিয়েছেন।
শোক বার্তায় বলা হয়েছে, ‘মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং তাদের বহনকারী হেলিকপ্টারের থাকা অন্যান্য সফর সঙ্গীদের দুঃখজনক মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী এবং নিঃস্বার্থ নেতা ছিলেন। গভীর প্রতিশ্রুতি দিয়ে তিনি তার দেশের সেবা করেছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করেছিলেন। তিনি আন্তর্জাতিক মর্যাদার একজন মহান নেতা ছিলেন। তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য চিরস্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এবং ইরানের জনগণকে অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সাহস ও ধৈর্য দান করার জন্য প্রার্থনা করেছেন।
শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়াসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =