শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ব্যাংক থেকে আওয়ামী লীগ নেতার টাকা চুরির অভিযোগ
নালিতাবাড়ীতে ব্যাংক থেকে আওয়ামী লীগ নেতার টাকা চুরির অভিযোগ

নালিতাবাড়ীতে ব্যাংক থেকে আওয়ামী লীগ নেতার টাকা চুরির অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এক আওয়ামী লীগ নেতার ২ লাখ ৫২ হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ উঠেছে। ১৯ মার্চ মঙ্গলবার দুপুর পৌণে বারোটার দিকে পৌরশহরের দক্ষিণ বাজারস্থ সোনালী ব্যাংকে এই ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিকার চেয়ে বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতা।
ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতার নাম বন্দনা চাম্বুগং (৪৫)। তিনি উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার।
পুলিশ, ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা যায়, চলতি রমজান মাসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল ক্রয়ের টাকা জমা দিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ডিলার ও আওয়ামী লীগ নেতা বন্দনা চাম্বুগং মঙ্গলবার সকালে পৌরশহরের দক্ষিন বাজারস্থ সোনালী ব্যাংকে যান।এসময় ব্যাংকের ভেতরেই জমা দিতে নিয়ে যাওয়া ২ লাখ ৫২ হাজার টাকা গণনা করে নিজের কাধে ঝুলানো ব্যাগে রাখেন। পরে ব্যাগসহ টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান তিনি৷ হঠাত পিছন থেকে ব্যাগে টান অনুভব করলে ব্যাগে খোঁজ করেন। পরে তিনি বুঝতে পারেন তাঁর ব্যাগে থাকা টাকা চুরি হয়েছে।
পরে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক মেয়ে ও একজন মহিলা ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতার কাধে ঝুলানো ব্যাগে হাত দিয়েছেন৷ তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এদিকে, ঘটনার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতা।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা ও খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার বন্দনা চাম্বুগং বলেন, আমার সব শেষ হইয়া গেলো। খাদ্য বান্ধব কর্মসূচীর চাল কিনতে ব্যাংকে টাকা দিতে আসছিলাম। আর ব্যাংক থাইকা অই টাকাই চুরি হইয়া গেলো।
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে টাকা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 1 =