শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের পয়েস্তিচর গ্রামের মোঃ আমান উল্লাহ মন্টু মিয়ার বসত বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে এক শিশু ও এক নারী নিহত হয়। ওইঘটনায় ৪টি গরুও আগুনে পুড়ে মারা যায়।

পরবর্তীতে সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আনুমানিক ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে পরিবারটির।
ওই ঘটনা নজরে আসে জেলা পুলিশ সুপার মোনালিসা বেগমের। পরে তিনি জেলা পুলিশের পক্ষ থেকে শোক প্রকাশ করে তাৎক্ষণিক সহায়তা প্রদান নির্দেশনা দেন। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগমের পক্ষ থেকে ৫ বান টিন তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।