হাজার হাজার মানুষকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সদস্য ও শেরপুর জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী-কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমানের ছেলে মতিউর রহমান মতিন। ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার দুপুরে ২.৩০ মিনিটে পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে পুলিশ লাইন্স সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় তাকে। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মতিউর রহমানের জানাজা নামাজে মুঠোফোনের মাধ্যমে মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। জানাজা নামাজে শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মতিউর রহমান মতিন ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি রক্তদান সংস্থা রজীবায় দীর্ঘদিন কাজ করেন। এছাড়াও তিনি জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এদিকে ছাত্রলীগ নেতা মতিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শেরপুর প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা।