শেরপুরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (২৪) ও সাদ্দাম মিয়া (২২) নামে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। ৩১ জানুয়ারি সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. আল আমিন এবং একই গ্রামের মো. ভুট্টু মিয়ার ছেলে মো. সাদ্দাম মিয়া।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে কুসুমহাটি বাজারের চৌরাস্তা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ওই অভিযানিক দল মাদক কারবারি মো. আল আমিন ও মো. সাদ্দাম মিয়াকে আটক করে। পরে আল আমিনের দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. সাদ্দাম মিয়ার পরিহিত প্যান্টের পকেট তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক কারবারির কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই মাদক কারবারিকে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।