দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলেই দায়িত্ব পালনকালে নিরপেক্ষ ভূমিকায় ছিল বলে দাবি করেছেন শেরপুর-১ (সদর) আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ২২ জানুয়ারি সোমবার দুপুরে শহরের নিউমার্কেটস্থ তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি করেন তিনি।
নব নির্বাচিত সংসদ সদস্য ছানু তার লিখিত বক্তব্যে বলেন, জেলার ৩টি আসনেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলেও সদর আসনের পরাজিত প্রার্থী এ আসনে প্রশাসন পক্ষপাতমূলক ভূমিকায় থেকে তাকে হারিয়েছে বলে দাবি করে মিথ্যাচার করছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি আরও বলেন, অহমিকা ও দাম্ভিকতার পাশাপাশি উন্নয়ন না করার কারণেই মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও এডভোকেট একেএম মোসাদ্দেক ফেরদৌসী, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুব লীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী এক মূল্যায়ন সভায় শেরপুর-১ আসনে নৌকা হারেনি, নৌকাকে পরিকল্পিতভাবে স্থানীয় প্রশাসন হারিয়েছে বলে অভিযোগ করেন নৌকার পরাজিত প্রার্থী, বিদায়ী সংসদ সদস্য ও হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।