শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে বন্ধুদের সংগঠন এসএসসি-৯১ ব্যাচের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) রাতে শহরের নিউমার্কেটস্থ হোটেল আলিশান রেষ্টুরেন্ট হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম বলেন, আমার নমিনেশনে ১০০ টাকাও খরচ হয়নি, অনেকেই কোটি কোটি টাকা নিয়ে গিয়েছিল নমিনেশনের জন্য, কিন্তু সকল টাকা অচল হয়েছে। আমি নমিনেশন পেয়েছি আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে। আমার জনসমর্থনের কারণে।
তিনি আরও বলেন, আমার কাছে সে যে দলই করুক, দলের চেয়ে বন্ধু বড়। বন্ধুদের যেকোনো ন্যায় সঙ্গত কাজে সর্বদা আমি পাশে থাকব। আমি ইউপি চেয়ারম্যান ছিলাম জনগনের আমানত খেয়ানত করি নাই, উপজেলা চেয়ারম্যান ছিলাম সেখানেও চেয়ারে কালির দাগ বসায় নাই। আমি জাতীয় সংসদের সদস্য হয়েছি, ইনশাআল্লাহ এখানেও আমি জনগণের আমানত খেয়ানত করব না।
এসময় ৯১ ব্যাচ বন্ধু আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসএসসি-৯১ ব্যাচ এর সভাপতি মো. সেলিম মিয়া, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীসহ এসএসসি-৯১ ব্যাচ এর অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।