শেরপুরের নকলায় বিল থেকে মুন্নাছ আলী (৪০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২৫ ডিসেম্বর সোমবার সকালে পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকায় বাঘমারি বিলেরর পাড় থেকে কাঁদামাখা অবস্থায় ওই লাশ উদ্ধার করা হয়। মুন্নাছ টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকার ময়ছর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানগাড়ী চালক মুন্নাছ গতকাল রবিবার সকালের দিকে ভ্যানগাড়ী নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার সকালে স্থানীয় কৃষকরা বাঘমারি বিলের পাড়ে কাজ করার সময় কাঁদামাখা অবস্থায় কচুরিপানা দিয়ে ঢাকা একটি লাশ দেখতে পান। পরে বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নাছের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের লোকজন লাশটি শনাক্ত করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে বিল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।