শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন ইলিয়াছ ও রাজা
শেরপুরে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন ইলিয়াছ ও রাজা

শেরপুরে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পেলেন ইলিয়াছ ও রাজা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান রাজা প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পান তারা। তবে স্বতন্ত্র প্রার্থী রাজা প্রার্থিতা ফিরে পাওয়ার পর তার প্রতীক পাওয়া নিয়ে কোন বাধা না থাকলেও জাপা প্রার্থীর প্রতীক পাওয়া নিয়ে রয়েছে জটিলতা।
জানা যায়, ব্যাংক ঋণ ও ইউটিলিটি বিল খেলাপীর দায়ে শেরপুর-১ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াছ উদ্দিনের মনোনয়নপত্র বাছাইকালে বাতিল হয়। এছাড়া মোট ভোটারের ১ শতাংশ সাক্ষরের গড়মিলের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা মনোনয়নপত্র বাতিল হয়।
পরবর্তীতে প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে তারা আপিল করলে সেখানেও উভয়ের আবেদন বাতিল হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে আবেদন করেন তারা দুজনই। সেখানে আদালতের আদেশে মিজানুর রহমান রাজা প্রার্থিতা ফিরে পেলেও ইলিয়াছ উদ্দিনের প্রার্থিতা বাতিলই রয়ে যায়। অবশেষে আপিলেট ডিভিশনে আবেদনের প্রেক্ষিতে প্রার্থিতা ফেরত পান জাপার ইলিয়াছ।
এদিকে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর মিজানুর রহমান রাজার প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোন বাধা না থাকলেও জটিলতা দেখা দিয়েছে জাপা প্রার্থী ইলিয়াছ উদ্দিনের প্রতীক বরাদ্দ নিয়ে। কারণ বাছাইপর্বে ইলিয়াছ উদ্দিনের প্রার্থিতা বাতিলের পর দলের বিকল্প প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনিকে বরাদ্দ দেওয়া হয় দলের লাঙল প্রতীক। আর সেই প্রতীক নিয়ে তিনি এখন পোস্টার-লিফলেটসহ প্রচারণায় ভোটের মাঠে। তবে এক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশ এবং দলের সর্বশেষ সিদ্ধান্তের প্রেক্ষিতেই কেবল নিরসন হতে পারে প্রতীক নিয়ে সেই জটিলতা। অন্যদিকে ইলিয়াছ প্রতীক পেলে মাঠ থেকে ছিটকে পড়বেন মনি।
এ ব্যাপারে শেরপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, উচ্চ আদালতের নির্দেশনাটি হাতে পেলে নির্দেশনার আলোকে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে দলীয় প্রতীক বরাদ্দের বিষয়ে তাদের দলের সিদ্ধান্তের বিষয়টিও জড়িত রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 7 =