শেরপুরের নকলায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে আরোহী মো. মনিরুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত ও অপর যুবক চালক শহিদ মিয়া (১৭) আহত হয়েছেন।
২২ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের দরবারচর জামে মসজিদের সামনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম নারায়ণখোলা এলাকার কলিমদ্দিনের পুত্র ও আহত শহিদ মিয়া বারারচরের সুজন মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল শহিদ মিয়া ও আরোহী মনিরুল ইসলাম। কাজাইকাটা হতে নারায়ণখোলা বাজার আসার পথে দরবারচর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে লাগলে আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী। আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন ও চালক শহিদ মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মনিরুলের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।