শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার
হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার

হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার

হরতাল-অবরোধকারীরাই রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, যারা হরতাল-অবরোধ করছে তারাই ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে এসব করছে তারা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন একটি রাজনৈতিক দলের লোকজন হরতাল ও অবরোধের নামে জনগণের জীবন সম্পদ ধ্বংস করে চলেছে। তেজগাঁওয়ের ট্রেনে আগুন সেই প্রক্রিয়ারই অংশ বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে।’
হাবিবুর রহমান আরও বলেন, ‘অবশ্যই আমি বলতে চাই যারা অবরোধ করছে হরতাল করছে তারা এটা করছে। যারা এর আগে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা ধরাও পড়েছে। গাজীপুরের রেল লাইন কেটে ফেলা হয়েছিল। সেখানেও একজনকে হত্যা করা হয়েছে। আমি বলব ট্রেনটিকে দুর্ঘটনার কবলে ফেলে একজনকে হত্যা করা হয়েছে। এখানে যা ঘটছে প্রত্যেকটি ঘটনাকে আমি সরাসরি হত্যা বলতে চাই। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা হরতাল এবং অবরোধকারীদের একটি অংশ বলে আমি মনে করি।’
ভোরে নেত্রকোণা থেকে ঢাকায় ঢোকার পথে অগ্নিসন্ত্রাসের শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। ভোর ৫টার দিকে তেজগাঁও স্টেশনে এ ঘটনায় পুড়ে গেছে ট্রেনটির তিনটি বগি। এর মধ্যে একটি বগি থেকে এক মা, তার শিশু সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাত্রীদের বরাত দিয়ে তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর যাত্রীরা বগিতে আগুন দেখতে পান। তারা চিৎকার শুরু করলে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনের কাছাকাছি থামান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে কাজ শুরু করে।
নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি এবং তার ৩ বছরের ছেলে ইয়াসিন। বাকি দুজনের নামপরিচয় জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − eight =