শেরপুর জেলা শহরের রাজাবাড়িতে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে। ১ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মরহুম অ্যাডভোকেট ফরহাদের বাসায় আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের তা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও সদর আসনে নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

ক্ষতিগ্রস্ত বাদল চন্দ্র বলেন, ‘আমরা কিছুই ঘর থেকে বের করতে পারি নাই। আমার প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।’
আরেক ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার ছেলেমেয়েদের নিয়ে কোনোরকমে বের হয়েছি। ঘর থেকে কিছুই বের করতে পারি নাই।’
শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ প্রদান করেন।
ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত করে অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।