বিচ্ছিন্ন সহিংসতা করে বিএনপি নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ৬ নভেম্বর সোমবার কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও লাকসাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, দেশের মানুষ বিএনপি আমলের দুর্নীতি ও অরাজকতার কথা ভুলে যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ সারা বিশ্বে স্বীকৃত। মানুষের সক্ষমতা বেড়েছে যদিও করোনা এবং নানা ধরনের যুদ্ধের কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি বিঘ্নিত হয়েছে। তারপরও সব সংকট কাটিয়ে আজ আমরা সারা বিশ্বের বুকে সম্মানের আসনে অধিষ্ঠিত।
২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে তখন বাংলাদেশের জিডিপির আকার ৪৭ বিলিয়ন ডলার ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি।
উন্নয়নের এই সুফল দেশের প্রত্যেকটি মানুষ ভোগ করছে দাবি করে তিনি বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চাচ্ছে।
দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। তাই বিচ্ছিন্ন সহিংসতা করে বিএনপি নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।
দেশের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, যেকোনো জাতির ভাগ্য উন্নয়নে মানবসম্পদ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশের যে পরিবর্তন তাতে মুখ্য ভূমিকা পালন করেছে। তাই শিক্ষিত, দক্ষ ও সচেতন নাগরিকরাই পারে দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে। সেজন্য বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছে।
উপস্থিত শিক্ষার্থীদের যুগোপযোগী বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সময়ে টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞানের কোনো বিকল্প নেই।
কঠোর পরিশ্রম করে ব্যক্তিগত লক্ষ্য অর্জনের সঙ্গে সঙ্গে দেশ ও দশের সেবায় নিজেদের নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ভূঁইয়া, ওয়াকফ প্রশাসক গিয়াস উদ্দিন। এতে সভাপতিত্ব করেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ (মেজর) মিতা সফিনাজ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে শিক্ষা প্রকৌশল অধিদফতর, কুমিল্লা ও নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় সরকারমন্ত্রী লাকসামে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা হিসেবে নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।