শেরপুর প্রতিদিন ডট কম

Home ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়
বিশ্বকাপের ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়

বিশ্বকাপের ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ৮ দল নিয়ে, এটা আগেই জানিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে কিসের ভিত্তিতে নির্বাচন করা হবে এই ৮ দল, তা নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। আইসিসির এক মুখপাত্রের বরাত দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলতে পারবে, তা পরিষ্কার করেছে ইএসপিএন ক্রিকইনফো।

ক্রিকেটভিত্তিক ভারতীয় এই অনলাইন পোর্টাল বলছে—আসন্ন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক হিসেবে সরাসরি খেলবে পাকিস্তান। আর চলমান বিশ্বকাপের লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা সাত দল জায়গা পাবে সেই আসরে। যদি পাকিস্তান সেরা সাতে থাকে তাহলে সবমিলিয়ে সেরা আটে থাকলেও সুযোগ মিলবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।

এর আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবার বদলে যাচ্ছে ফরম্যাট। যদিও তা নিয়ে পরিষ্কার ধারণা ছিল না দলগুলোর। হঠাৎ করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ আলোচনায় আসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্যের পর। নেদার‌ল্যান্ডসের বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক জানান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করার জন্য শেষ তিনটি ম্যাচে ভালো খেলতে চান।

ইংল্যান্ড কোচ ম্যাথু মটসহ অনেকেরই এই প্রক্রিয়া সম্পর্কে জানা ছিল না। গতকাল (রোববার) ভারতের কাছে ১০০ রানে হেরে যাওয়া ইংল্যান্ড এখন পয়েন্ট তালিকার ১০ নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে তার দলকে সাতের মধ্যে থাকতে হবে, এ বিষয়ে জানতেন কি না, জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ঘণ্টা দেড়েক আগে শুনেছেন।

নতুন নিয়ম অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারছে না। আইসিসি জানিয়েছে, ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের ফরম্যাটে দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =