সোহেল রানা, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাড়ছে অবৈধ চায়না জালের ব্যবহার। এতে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ। মৎস্যজীবীরা বলছেন, পোনা থেকে শুরু করে ছোট বড় সব মাছই আটকে যায় চায়না জালে। তাই অবৈধ এই জালের ব্যবহার বন্ধ না হলে আগামীতে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। হুমকিতে পড়বে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য।
নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিছানো চায়না জাল। শেরপুরের বিভিন্ন নদ নদীতে ধরা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। দিনের বেলাতেই অবৈধ এই জাল দিয়ে চলছে মাছ শিকারের উৎসব। অন্যান্য জালের তুলনায় মাছ বেশি ধরা পড়ে বলে অল্প দিনেই এই জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন।
এলাকাবাসী জানান, নদীর বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। পোনা থেকে শুরু করে ছোট বড় কোনো মাছই এই জাল থেকে ছাড়া পায় না। শুধু নদীতেই নয়, খাল ও বিলে একই পন্থায় মাছ ধরা হচ্ছে।
এই জালে একদিকে যেমন পোনামাছ মারা পড়ছে; অন্যদিকে, অনেক বিপন্ন প্রজাতির জলজ প্রাণিও মারা যাচ্ছে। তাই এই জালের ব্যবহার ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয়রা।
নিষিদ্ধ এই জাল ব্যবহার বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার।
যারা এই অবৈধ জাল আমদানি করছে এবং বিক্রি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।