Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় সরকার বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর
সরকার বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর

সরকার বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর

০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বর্তমান সরকার দেশ ও জনগণের কল্যাণে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি বিচারকদের উদ্দেশে বলেন, আজ সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচারকরা বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করছেন। এ অবস্থায় আসতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের স্মৃতি রোমন্থন করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায়ই অনেক সমস্যার সমাধান হয়েছে। বিচারকদের কার্যক্ষেত্রের সুবিধা, বেতন বৃদ্ধি, আবাসন এবং পরিবহন সুবিধার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের একক ভূমিকা ছিল।

রাষ্ট্রপ্রধান বলেন, পৃথিবীর ইতিহাসে নজির নেই মাত্র ১১ মাসে এরকম একটি সুন্দর সংবিধান উপহার দিয়েছে যেখানে সমতা, গণতন্ত্র ও আইনের শাসনের কথা উল্লেখ রয়েছে। বঙ্গবন্ধু সবসময় সমতা ও গণতন্ত্র বিশ্বাস করতেন। তিনি সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এবং মহাসচিব মো. মজিবুর রহমান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − eight =