আবারও তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফলে তৃতীয় মেয়াদে আরও ৫ বছর ক্ষমতায় থাকছেন তিনি। জয় নিশ্চিতের পর বিশ্বনেতাদের অভিনন্দন বার্তায় ভাসছেন এরদোয়ান।
জয়ের পর এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে জানিয়েছেন, গুতেরেস তুরস্ক ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের জন্য কাজ করবেন।
এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক টুইট বার্তায় বাইডেন বলেন, দ্বিপাক্ষিক ইস্যু ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ন্যাটোর মিত্র হিসেবে তুরস্কের সঙ্গে কাজ চালিয়ে যাব।
এ ছাড়া দীর্ঘ সময় তুরস্কের গণতান্ত্রিক ঐতিহ্য ধরে রাখার জন্য এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এরদোয়ানের বিজয়ের ফলে প্রমাণিত হয়েছে, তুর্কি জনগণ তাঁর ‘নিঃস্বার্থ কাজ’ ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছে।
পুতিন এরদোয়ানের প্রশংসা করে আরও বলেন, ‘বন্ধুত্বপূর্ণ রাশিয়ান-তুর্কি সম্পর্ক শক্তিশালীকরণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত অনেক অবদান রয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এ ছাড়া ইউরোপের নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন জেলেনস্কি।
এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, দুই দেশের জনগণ ও অর্থনীতি গভীরভাবে জড়িত। এরদোয়ানের জয়ের ফলে নতুন উদ্দীপনায় দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া হবে।
সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বাদশাহ সালমানও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ফ্রান্স-তুরস্ক অনেক চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করেছে। এই সম্পর্ক সামনের দিকে আরও এগিয়ে যেতে থাকবে।
এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তাঁরা তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দিয়েছেন।
ন্যাটো মিত্র হিসেবে নিরাপত্তা হুমকি মোকাবিলাসহ যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে শক্তিশালী সহযোগিতা অব্যাহত রাখার জন্য কাজ করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
কাতারের আমির টুইটে লেখেন, ‘প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান, এ বিজয়ের জন্য আপনাকে অভিনন্দন।’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ওরবান ভিক্টর টুইটে লেখেন, ‘নির্বাচনে প্রশ্নাতীত বিজয়ের জন্য রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন।’
লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবেহ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। দিবেহ বলেছেন, ‘এ নির্বাচনে এরদোয়ানের বিজয়ে রাষ্ট্রপতির সফল প্রকল্প ও নীতির প্রতি তুর্কি জনগণের আস্থার নবায়ন হলো।’
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ফলাফল প্রকাশের পর এরদোয়ান ও তুর্কি জনগণকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়াও আর্মেনিয়া, সুইডেন, ইসরায়েল, ইরান, আজারবাইজান, সুদান, সার্বিয়া, পাকিস্তান, ভেনেজুয়েলা, আমিরাত, ব্রাজিল, আর্জেন্টিনা ও আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানরাও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।